হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৪-২১ ১৬:০২:৩৫


সিলেটে হিট স্ট্রোকে মো. আবু হানিফ মিয়া (৩৪) নামে এক রিকশাচালকের মৃত্যু হ‌য়ে‌ছে। মারা যাওয়া আবু হানিফ হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের মো. করম আলীর ছেলে।

রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর দক্ষিণ সুরমার লাউয়াই পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে‌ছেন দক্ষিণ সুরমা থানার ও‌‌সি ইয়ার‌দৌস হাসান। তিনি জানান, আবু হানিফ মিয়া নামে ওই রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, শনিবার (২০ এপ্রিল) রাতে তীব্র তাপদাহে ঝালকাঠিতে হিট স্ট্রোকে মো. আফজাল তালুকদার (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া রোববার সকালে মেহেরপুরের গাংনীতে হিট স্ট্রোকে শিল্পি খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এম জি