বেইলি রোডে ভবনে আগুন
কাচ্ছি ভাই রেস্টুরেন্টের মালিক দুই দিনের রিমান্ডে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-০৮ ১৯:৩৮:৫৯
রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনের ঘটনায় করা মামলায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার ( ৮) মে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
অপরদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল বিরিয়ানির দোকান কাচ্চি ভাই রেস্তোরাঁ।
এ ছাড়া ভবনটির অন্যান্য তলায়ও ছিল অনেকগুলো খাবারের দোকান। ভবনটিতে ছড়িয়ে পড়া আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ জন নারী এবং ৮ শিশু ছিল।
এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলাটি তদন্ত করছে সিআইডি। এ নিয়ে ভয়াবহ ওই আগুনের ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













