যুবলীগ নেতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-১২ ১৫:৫৭:০৩


কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ সভাপতি জামাল হোসেন ওরফে বাক্কা জামালকে হত্যা মামলায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুসহ ৯ জনের মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

রোববার (১২ মে) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মামলা সূ্ত্রে জানা যায়, ২০১৬ সালে ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল হোসেন ওরফে বাক্কা জামাল ঢাকায় যাওয়ার পথে চৌদ্দগ্রামের পদুয়া এলাকা থেকে তাকে ধরে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় জামালের বোন জোহরা আক্তার চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালতের পি পি অ্যাডভোকেট জহিরুল হক সেলিম জানান, এ হত্যা মামলায় ৯ জন আসামির মৃত্যুদণ্ড এবং ৯ জন আসামির যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি পাঁচজনকে খালাস দেয়া হয়েছে।

বিএইচ