প্রতারণার দায়ে দুই ভুয়া এনএসআই সদস্যসহ আটক ৬
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৫-১৩ ২১:১৮:২৫
মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাতীয় নিরাপত্তা সংস্থায় (এনএসআই) চাকরি দেওয়ার নাম করে ভুয়া নিয়োগ পত্র প্রদান এবং ভুয়া প্রশিক্ষণ দেওয়ার কাজে জড়িত দুই ভুয়া এনএসআই সদস্যসহ প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে গাজীপুর ডিবি পুলিশ।
সোমবার (১৩ মে) দুপুরে গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে ব্রিফিংয়ে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মোহাম্মাদ নাজির আহমেদ খান।
গ্রেফতাররা হলেন- লিয়ন ইসলাম (২৫), হুমায়ন কবির প্রিন্স (৩৬), মোজাহিদুল ইসলাম ওরফে পায়েল (২৩), রাজিয়া সুলতানা (২২) ও রিপা আক্তার (২১)।
অপরজন অপ্রাপ্তবয়স্ক।
পুলিশ জানায়, রোববার (১২ মে) টঙ্গী পশ্চিম থানা এলাকার ভাদাম পশ্চিমপাড়ার শহীদ মিয়ার পাঁচতলা ভবনে যৌথ অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ ও এনএসআই। পরে সেখান থেকে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা নিজেদের এনএসআই সদস্য পরিচয় দিতেন। এ পরিচয়ে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরি দেওয়ার প্রলোভনে নিরীহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
প্রতারক চক্রের সদস্যরা ফেসবুক আইডি ব্যবহার করে তরুণ-তরুণীদের প্রলোভন দেখিয়ে ঘটনাস্থলে আনতেন। পরে এনএসআই হিসেবে প্রশিক্ষণ দিতেন। নিয়োগপত্র ও ভুয়া আইডি কার্ড ইস্যু করে বিভিন্ন জেলা-থানায় পোস্টিং, বদলি এমনকি নিজেদের তৈরি বিধি অনুযায়ী পদোন্নতি ও শাস্তিও দিতেন তারা।
প্রতারণার শিকার আফরোজ আশিক সিনথি ও কানিজ ফাতেমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলে জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রতারক চক্রের সদস্যরা ভিকটিমদের এনএসআইয়ে চাকরির দিতে ৫-৬ মাস ধরে প্রশিক্ষণ দিয়ে আসছেন। চক্রটি বিভিন্ন জেলায় পোস্টিং দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে জনপ্রতি ১৫-১৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সব টাকা হাতিয়ে নেওয়ার পর তাদের প্রশিক্ষণ কেন্দ্র/ঠিকানা পরিবর্তন করতেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













