রানা প্লাজা ট্রাজেডি: ১৩৬ শ্রমিক মৃত্যুর মামলায় সাক্ষ্য পেছাল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-১৪ ১৬:২২:৪২
১১ বছর আগে সাভারের রানা প্লাজা ভবন ধসে ১৩৬ শ্রমিকের মৃত্যুর মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ৩৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৪ মে) ঢাকা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে নতুন দিন ধার্য করেন বিচারক। মামলায় এখন পর্যন্ত মোট ৫৯৪ জন সাক্ষীর মধ্যে ৯০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধসে চাপা পড়েন সাড়ে পাঁচ হাজার পোশাকশ্রমিক। ওই ঘটনায় এক হাজার ১৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।
ওই ঘটনায় সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ ভবন নির্মাণে ‘অবহেলা ও ত্রুটিজনিত হত্যা’ মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষী করা হয় ৫৯৪ জনকে। মামলার ৪১ আসামির মধ্যে ভবন মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক, অন্য আসামি আবু বক্কর সিদ্দিক ও আবুল হোসেন মারা যান। তিনজনকে বাদ দিয়ে হত্যা মামলায় এখন আসামির সংখ্যা ৩৮ জন।
২০১৬ সালের ১৮ জুলাই তৎকালীন ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২০২২ সালের ৩১ জানুয়ারি মামলার বাদী সাভার থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ আদালতে সাক্ষ্য দেন। তার সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এ মামলার আসামিদের মধ্যে আছেন- রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার সাবেক প্রকৌশলী রফিকুল ইসলাম, সাইট ইঞ্জিনিয়ার সরোয়ার কামাল, সাভার পৌরসভার তৎকালীন মেয়র রেফায়েত উল্লাহ, পৌরসভার তৎকালীন কাউন্সিলর মোহাম্মদ আলী খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের তৎকালীন পরিদর্শক (প্রকৌশল) মো. ইউসুফ আলী, ঢাকা বিভাগের তৎকালীন পরিদর্শক (প্রকৌশল) মো. শহিদুল ইসলাম, সাবেক উপপ্রধান পরিদর্শক মো. আবদুস সামাদ এবং উপপ্রধান পরিদর্শক (সাধারণ, ঢাকা বিভাগ), মো. জামশেদুর রহমান প্রমুখ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













