রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সদস্য নিহত
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০৫-১৯ ১৬:০৪:০৪
বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ)’র ৩ সন্ত্রাসী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি পাওয়া গেছে।
রোববার (১৯ মে) দুপুরে উপজেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যৌথ অভিযানে রোয়াংছড়ি উপজেলার রোনিন পাড়া ও রুমার পাইক্ষ্যং পাড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এসময় কেএনএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনা সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এসময় কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’র ৩ সদস্য নিহত হন। পরে সেনাবাহিনীর অভিযানের মুখে বাকী সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি পাওয়া গেছে। ঘটনার পর লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, ৩ জন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হবে। এরপর বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি অস্ত্র লুট এবং অপহরনের ঘটনা ঘটায় কেএনএফ সন্ত্রাসীরা। এরপর থেকে পাহাড়ে সন্ত্রাস বিরোধী যৌথ অভিযান শুরু হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













