রাজধানীতে ১৩ চাঁদাবাজ গ্রেফতার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২১ ১৩:০৯:৫০


অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর কোতয়ালী ও যাত্রাবাড়ী এলাকা থেকে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা ইউসুফ ও সাব্বিরসহ মোট ১৩ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (২১ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১০।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২০ মে) আনুমানিক সকাল ৬টা ২০ মিনিটে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের মূলহোতা মো. ইউসুফ গাজী (২৮)সহ ছয়জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্যান্য ব্যক্তিরা হলেন-মোহাম্মদ ইউসুফ (৫৭), মো. পিন্টু মিয়া (৪০), মো. ডালিম (১৯), মো. পাভেল (১৯), মোহাম্মদ আলী (২৫)। এ সময় তাদের কাছ থেকে আট হাজার চারশত দশ টাকা ৬ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

এছাড়া একইদিন ঢাকার কোতয়ালী থানাধীন বাবুবাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্র ‘সাব্বির গ্রুপে’র অন্যতম মূলহোতা মো. সাব্বির (৬০)সহ আরও ৭ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।

তারা হলেন, নাজির হোসেন (৪৮), মো. কামাল উদ্দিন (৫০), মো. বিল্লাল হোসেন (৪৫), মো. বিল্লাল হোসেন (২৮), মো. নাজির উদ্দিন ভূঁইয়া (৪৪), মো. রনি হোসেন (৪০)। এ সময় তাদের কাছ থেকে সাত হাজার তিনশত পঞ্চাঁশ টাকা, ৬ টি লাঠি ও ১ টি প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর কোতয়ালী, যাত্রাবাড়ী, ডেমরা ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেল্পারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এম জি