টিপু-প্রীতি হত্যা: বিচারক ছুটিতে থাকায় সাক্ষ্য গ্রহণ পেছাল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২১ ১৩:২১:১৮
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদারসহ ৩৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে।
মঙ্গলবার (২১ মে) ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। এদিন নিহত টিপুর স্ত্রী ও মামলার বাদী ফারহানা ইসলাম ডলি আদালতে সাক্ষ্য দিতে উপস্থিত হন। তবে এদিন নিয়মিত বিচারক আলী হোসাইন ছুটিতে থাকায় সাক্ষ্য পিছিয়ে আগামী ২০ জুন নতুন দিন ধার্য করেন ভারপ্রাপ্ত বিচারক মো. আক্তারুজ্জান।
এর আগে গত ২৯ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
গত বছরের (২০২৩) ৫ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার ৩৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। তদন্তে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে এক্সেল সোহেল নামে এক আসামির পূর্নাঙ্গ নাম ঠিকানা না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করা হয়েছে। এক্ষেত্রে বিচারের জন্য ৩৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- মারুফ আহমেদ মনসুর, আন্ডারওয়ার্ল্ডের দুই সন্ত্রাসী জিসান ও ফ্রিডম মানিক, খায়রুল ইসলাম, জুবের আলম খান রবিন, সোহেল শাহরিয়ার, মারুফ রেজা সাগর, কামরুজ্জামান বাবুল, কাইল্যা পলাশ, আমিনুল, ‘ঘাতক’ সোহেল, সুমন শিকদার মুসা, মুসার ভাগনে সৈকত, মুসার ভাতিজা শিকদার আকাশ, ইমরান হোসেন জিতু, মোল্লা শামীম, রাকিব, বিডি বাবু, ওমর ফারুক, ‘কিলার’ নাসির, রিফাত, ইশতিয়াক হোসেন জিতু, মাহবুবুর রহমান টিটু, হাফিজ, মাসুম ও রানা মোল্লা। এদের মধ্যে ২৪ জনই গ্রেপ্তার হয়েছেন। এ হত্যা মামলায় সুমন শিকদসর, মুসা, শুটার আকাশ ও নাসির উদ্দিন মানিক সেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দিবাগত রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামের এক কলেজছাত্রী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন টিপুর গাড়িচালক মুন্না। আলোচিত এ হত্যাকাণ্ডের এক বছর দুই মাস ১১ দিন পর দাখিল করা হয় চার্জশিট।
ঠিক এক বছর আগে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত নারী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।
মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, ২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানার ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার শো-রুমের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা হামলা করে। তারা টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













