রাজধানীতে ১৩ পরিবহন চাঁদাবাজ কারাগারে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২১ ১৭:০৫:০১
রাজধানীর বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলার সময় গ্রেফতার ১৩ চাঁদাবাজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ মে) যাত্রাবাড়ী থানার মামলায় ৬ আসামিকে আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানের আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ তোফাজ্জল হোসেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- ইউসুফ গাজী (২৮), মোহাম্মদ ইউসুফ (৫৭), মো. পিন্টু মিয়া (৪০), মো. ডালিম (১৯), মো. পাভেল (১৯) ও মোহাম্মদ আলী (২৫)।
অন্যদিকে কোতয়ালী থানার মামলায় গ্রেফতার অপর ৭ চাঁদাবাজকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আলী হায়দারের আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।
এ মামলায় কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. সাব্বির (৬০), নাজির হোসেন (৪৮), মো. কামাল উদ্দিন (৫০), মো. বিল্লাল হোসেন (৪৫), মো. বিল্লাল হোসেন (২৮), মো. নাজির উদ্দিন ভূঁইয়া (৪৪) ও মো. রনি হোসেন (৪০) ।
জানা যায়, সোমবার (২০ মে) রাজধানীর যাত্রাবাড়ী ও বাবুবাজার এলাকা থেকে চাঁদাবাজ চক্রের মূলহোতা ইউসুফ ও সাব্বিরসহ ১৩ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে চাঁদার নগদ ৮ হাজার ৪১০ টাকা ও ৬টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
মামলা দুটির অভিযোগ সূত্রে জানা যায়, আসামিরা বেশ কিছুদিন ধরে কোতয়ালী, যাত্রাবাড়ী, ডেমরা ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
বিইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













