শাহীন গ্রেফতার হলে এমপি আনার হত্যার মোটিভ জানা যাবে: ডিএমপি কমিশনার
আপডেট: ২০২৪-০৫-২৯ ১৪:৫৮:২১
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, এমপি আনোয়ারুল আজীমকে কি কারণে হত্যা করা হয়েছে অর্থাৎ হত্যার মোটিভ কি? এটি এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি। মূল কারণ, এটির যিনি ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী তিনি এখন দেশের বাইরে রয়েছেন তাকে গ্রেফতার করা যায়নি। বিধায় এটি এখনো কিছুই উদ্ধার করা যায়নি। তাকে গ্রেফতার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা যাবে।
বুধবার (২৯ মে) ডিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত ‘ডাটাবেজ অ্যান্ড অ্যানালাইসিস অফ রোড ক্র্যাশ (ডিএআরসি) সফটওয়্যার’ প্রশিক্ষণ এর উদ্বোধন অনুষ্ঠান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের সঙ্গে আমেরিকায় কোনো বন্দিবিনিময় চুক্তি নেই। এই ক্ষেত্রে শাহীনকে ফেরানোর ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি অবলম্বন করা হবে- এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এ ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে-ধরনের প্রচেষ্টা করা দরকার সেটির সর্বোত্তম চেষ্টা করা হবে। যেহেতু তিনি (আজীম) আমাদের সংসদ সদস্য ছিলেন সুতরাং তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। যদিও তাদের সঙ্গে (আমেরিকা) আমাদের সেই ধরনের কন্টাক্ট নেই। অন্য যেকোনো মাধ্যম বা কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা হবে।
এ ক্ষেত্রে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তিকে কাজে লাগানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, আপনারা জানেন যে, এই ঘটনাটি বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ইন্ডিয়াতেও ঘটনা ঘটেছে ইন্ডিয়াতেও বিচার হতে পারে। সুতরাং এটি আমাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













