অর্থপাচার মামলা:

ফরিদপুর উপজেলা চেয়ারম্যান শামসুলের জামিন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-৩০ ১৮:৫২:৫৯


দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) তার জামিন মঞ্জুর করে আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।

এর আগে গত ৭ মে তাকে কারাগার পাঠান একই আদালতের বিচারক। এর পরদিন কারাগারে থেকেই ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এসব তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. আকরাম আলী ও রতন কুমার অধিকারী।

বৃহস্পতিবার (৩০ মে) এ মামলায় কারাগারে থাকা আরও ছয় আসামির জামিন নামঞ্জুর করে আদেশ দেন আদালত। তারা হলেন- ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন ফকির, ব্যবসায়ী সিদ্দিকুর রহমান, মোকাররম মিয়া বাবু, রফিক মণ্ডল ও ফুয়াদ।

এছাড়া এদিন এ মামলায় জামিন বাতিল করে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অনিমেষ রায়কে কারাগারে পাঠান বিচারক।

মামলার সূত্রে জানা যায়, ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ। মামলাটি তদন্ত শেষে ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ৪৭ জনের বিরুদ্ধে ২০২৩ সালের ২২ জুন সম্পূরক চার্জশিট দাখিল করে সিআইডি।

বিএইচ