চাঁদপুরে তিন ইটভাটা মালিককে জরিমানা
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০৬-২৮ ১১:৫০:০৯
চাঁদপুরের ফরিদগঞ্জে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় ৩টি ইটভাটার মালিককে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ফরিদগঞ্জ উপজেলায় পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী।
বিকেলে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ফরিদগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় পূর্ব গাজীপুরের চরবসন্ত এলাকার মেসার্স চরবসন্ত ব্রিকস, গাজীপুর এলাকার মেসার্স মাহবুব চেয়ারম্যান ব্রিকস, মানিক রাজ এলাকার মেসার্স মানিক রাজ ব্রিকস মালিককে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নানসহ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অবৈধভাবে পরিচালিত ইটভাটা সমূহের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানান পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













