স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন, যে কোনো সময় ঘোষণা
আপডেট: ২০২৪-০৭-৩১ ১৯:৪৬:৫০
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যে কোনো সময় ঘোষণা হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (৩১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমন আইনের-১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। এখনও প্রক্রিয়াধীন। যেকোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে। প্রজ্ঞাপন জারি হবে যেকোনো মুহূর্তে।
তিনি বলেন, জামায়াত আগেই নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান এসে তাদের আবার রাজনীতির অধিকারটা দিয়েছে। এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো এবং এদেশের সুশীল সমাজ উভয়ই জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরাম বলে আসছিল। এটা জনগণের একটি দাবি ছিল।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবির চলমান পরিস্থিতি তৈরি করেছে। শিক্ষার্থীদের সামনে রেখে তারা ধ্বংসাত্মক কাজ করেছে। তাদের বিচারের মুখোমুখি করতেই রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ১৫ আগস্ট যথাযথ মর্যাদায় পালন করা হবে। সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














