পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে সব ধরণের উদ্যোগ নিবে বিএসইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২১ ১৮:২৭:৪২
পুঁজিবাজারের উন্নয়ন, অগ্রগতি ও সংস্কারের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সব ধরণের প্রচেষ্টা ও উদ্যোগ নিবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
মঙ্গলবার কমিশন ভবনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্তিক আহমেদ শাহের নেতৃত্বে ডিএসই প্রতিনিধিদল এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএ প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। এ সময় বিএসইসি কমিশনার মোহসীন চৌধুরী ও ড. এটিএম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।
বুধবার (২১ আগস্ট) বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের লক্ষ্যে পুঁজিবাজারের সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ সময় বিএসইসি চেয়ারম্যান সকলের মতামত শোনেন এবং পুঁজিবাজারের রেগুলেটরি কমপ্লায়েন্সের উপর জোর দেন।
এ ছাড়াও তিনি সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ও বিধি বিধান পরিপালন নিশ্চিত করে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক সুশাসনসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য বাজার সংশ্লিষ্টদের একসাথে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
পুঁজিবাজারের উন্নয়নে তিনি ডিএসই এবং ডিবিএসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













