ডিএসইতে তালিকাভুক্ত হল ফরচুন সু
প্রকাশ: ২০১৬-১০-০৬ ১০:২৩:৩৩
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয়েছে সদ্য আইপিওতে আসা ফরচুন সু। গত মঙ্গলবার অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানিটির তালিকাভুক্তির আবেদন অনুমোদন করা হয়। কোম্পানিটি বিনিয়োগকারীদের বিও হিসাবে শেয়ার জমা করে ডিএসইতে রিপোর্ট জমা দিলে কর্তৃপক্ষ লেনদেন শুরুর তারিখ চূড়ান্ত করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর ফরচুন সুজের আইপিওর লটারি অনুষ্ঠিত হয়। কোম্পানির আইপিওতে ৪২ গুণের বেশি আবেদন জমা পড়ে। এর আগে গত ১৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত কোম্পানিটির আবেদন জমা নেওয়া হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৭৯তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।
আইপিওর মাধ্যমে ফরচুন সুজ লিমিটেড পুঁজিবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করার অনুমোদন দেয় কমিশন।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ২২ পয়সা; আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৩ টাকা ৭৫ পয়সা।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













