সিএমপির নতুন কমিশনার হাসিব আজিজ

আপডেট: ২০২৪-০৯-০৩ ১৯:১৯:২২


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসিব আজিজ। তিনি এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ডিটেকটিভ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সর্বশেষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট পদে দায়িত্বরত ছিলেন। তিনি ২০২২ সালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হাসিব আজিজের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। তার বাবা এম আজিজুল হক ১৯৯৬ সালের ২২ জুলাই থেকে ১৯৯৭ সালের ১৬ নভেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্বে ছিলেন। ওই সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল।

বিএইচ