পদ্মা সেতু-মেট্রোরেল দেখিয়ে উন্নয়নকে কলুষিত করা হয়েছে: নাহিদ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-১০ ১৭:১৮:৫৭


ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিগত সময়গুলোতে ছাত্র রাজনীতি কলুষিত হয়েছে। সক্ষমতা থাকার পরও দুর্নীতির কারণে সড়কের বেহাল দশা হয়েছে। পদ্মা সেতু-মেট্রোরেলকে প্রতীকী হিসেবে দেখিয়ে উন্নয়নকে কলুষিত করা হয়েছে। কেবল ব্যক্তির বদল হলেই হবে না, ব্যবস্থার পরিবর্তন এই মুহূর্তে সবচেয়ে জরুরি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সংবিধানে মানবাধিকারের কথা বলা ছিল। কিন্তু ১৬ বছর এই সংবিধান আমাদের রক্ষা করতে পারেনি। আদালতও রক্ষা করতে পারেনি। ফলে এই সামগ্রিক বিষয় সংস্কার করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, ১৮-এর কোটা সংস্কার আন্দোলন আবার ‘২৪-এ করতে হলো। আমরা কখনও ভাবিনি, বৈষম্যবিরোধী আন্দোলন গণআন্দোলনে রূপ নেবে এবং সবাই এতে অংশ নেবে। সরকারি বিশ্ববিদ্যালয়ের হল ভ্যাকেন্টের পর আমরা ভাবিনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় মাঠে নামবে। সাধারণ মানুষও মাঠে নামে। মাঝে মাঝে মনে হয়, শহীদ হওয়াটা সৌভাগ্যের। কেন আমরা সেই সৌভাগ্যবান হতে পারলাম না?

তথ্য উপদেষ্টা বলেন, পুলিশকে আওয়ামী লীগ সরকার এমনভাবে ব্যবহার করেছে যে, এই পুলিশ এখনও আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরে দাঁড়াতে পারছে না। সবক্ষেত্রে সংস্কার হলে শহীদদের ত্যাগ সার্থক হবে বলে জানান তিনি।

এম জি