মারা গেলেন ডিআরইউর সাবেক সভাপতি আজমল খাদেম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-১৭ ১০:৩০:০৩


ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক আজমল হোসেন খাদেম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইম্পালস হাসপাতালে মারা যান তিনি।

তার মেয়ে কিমিয়া আকসির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

কিমিয়া আকসির জানান, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাদ জোহর বনানী মসজিদে জানাজা শেষে মরহুমের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।

আজমল হোসেন খাদেম দীর্ঘদিন বাংলার বাণী পত্রিকায় সাংবাদিকতা করেন। পাশাপাশি তিনি রেডিও বাংলাদেশের সংবাদ পর্যালোচনা ভিত্তিক কথিকা ‘সংবাদ প্রবাহ’ গ্রন্থনা করে খ্যাতি অর্জন করেন। রাত ৯টায় প্রচারিত সংবাদ প্রবাহ অনুষ্ঠানটি ছিল আশির দশকের জনপ্রিয় সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান।

তিনি ১৯৯৮ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হন। তিনি জাতীয় প্রেস ক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের স্থায়ী সদস্য ছিলেন।

বিএইচ