ইসি নিয়োগ আইন সংস্কারে অগ্রাধিকার: বদিউল আলম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-১৪ ১৬:৫৭:০০
নির্বাচন কমিশন (ইসি) নিয়োগের আইন অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
সোমবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এমন কথা বলেন।
তিনি বলেন, ইসি নিয়োগের আইন অগ্রাধিকার। সরকার যখন চাইবে, তখনই একটা খসড়া দিতে পারব। নির্বাচন কমিশন নিয়োগ বা আইনটা তো একটা বিচ্ছিন্ন বিষয় নয়। এটার সঙ্গে অনেক বিষয় যুক্ত।
ড. বদিউল আলম, আমরা এখন আইনকানুন বিধিমালা পর্যালোচনা করছি। কোনগুলো সংস্কার দরকার তা চিহ্নিত করতে কাজ করছি। যাতে সুস্পষ্ট ধারণা হয়। আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি। এতে কী থাকা উচিত তা নিয়ে আলোচনা করেছি। আমাদের ফেসবুক পেজ হবে, আমাদের ই-মেইল হবে। সবার কাছ থেকে আমরা তথ্য চাইব।
ওয়েবসাইটে কী বিষয়ে মতামত চাওয়া হবে, সংবিধান নিয়ে কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা লাইন ধরে ধরে পর্যালোচনা করছি। সুনির্দিষ্ট কোনো কিছু নয়। যেদিন আমরা সুপারিশ সরকারের কাছে পাঠাব, সেদিন এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
সংস্কারকালে ইসির বর্তমান নিয়োগ বা পদোন্নতি বন্ধ রাখতে বলবেন কি না, জানতে চাইলে বদিউল আলম বলেন, এগুলো নির্বাহী সিদ্ধান্ত। আমাদের সে ক্ষমতা বা এখতিয়ার নেই। এটা সরকারের বিষয়। যদি সিদ্ধান্ত দিতে হয় সরকারকে দিতে হবে।
স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে না পরে হবে, জানতে চাইলে এ নির্বাচন পর্যবেক্ষক বলেন, এটাও আমাদের এখতিয়ারবহির্ভূত। এটা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।
‘না ভোট’ বিষয়ে তিনি বলেন, আমরা সবকিছুই বিবেচনায় নেব। যত মতামত আসবে যত পর্যালোচনা করব। নির্বাচন বিষয়ে যে কেউ যে কোনো মতামত দিতে পাবরেন। উন্মুক্ত মতামত নেয়া হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














