প্রত্যাহার হওয়া ৫ কর্মকর্তাকে কর্মস্থলে অবস্থানের অনুমতি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-২৫ ১৩:৫৭:৫১
পাঁচ দেশের বাংলাদেশ দূতাবাস-হাইকমিশনে কর্মরত পাঁচ কর্মকর্তাকে পদ ও কর্মস্থল থেকে গত ৯ জানুয়ারি প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে তাদের দেশে ফিরে আসার নির্দেশনাও দেওয়া হয়। তবে নতুন কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের নিজ কর্মস্থলে অবস্থানের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কর্মকর্তারা হলেন- পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. তৈয়ব আলী, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কন্স্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।
প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ৯ জানুয়ারির প্রজ্ঞাপনে বিদেশে বাংলাদেশ মিশনে প্রেস উইংয়ে কর্মরত এসব কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য আগামী ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য নির্দেশ দেওয়া হয়। তবে প্রজ্ঞাপনটি সংশোধন করে মিশনগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের অবস্থানের জন্য অনুমতি প্রদান করা হল।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














