আইন হাতে তুলে না নেয়ার আহ্বান ডিএমপি কমিশনারের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০২-২৬ ১১:০২:৩০
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নগরবাসীকে সম্মিলিতভাবে ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বলেন, ঢাকা শহরে চলমান ছিনতাইয়ের দৌরাত্ম দমনে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তবে ছিনতাইকারী সন্দেহে কাউকে আটক করা হলেও আইন হাতে তুলে নিতে নিষেধ করেছেন তিনি। প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার।
সাজ্জাত আলী বলেন, শহরে অপরাধ দমন করার উদ্দেশে আজকেও বিভিন্নস্থানে ব্লক রেড করা হয়েছে। চেকপোস্ট বসানো হয়েছে শহরের ৬৫টি জায়গায়। এছাড়া ঢাকা উদ্দ্যান থেকে সন্ত্রাসী টোংগা বাবুকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সব অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেয়া সম্ভব না। শুধুমাত্র ঢাকা উদ্যানের সব অলিগলিতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, মনিটরিং সিস্টেম ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা অপরাধ দমনের চেষ্টা করে যাচ্ছি। চিহ্নিত সন্ত্রাসীদের আটকানোর চেষ্টাও চলমান রয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














