উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. সি আর আবরার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-০৫ ১২:০৪:৫৫
ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও মানবাধিকারকর্মী চৌধুরী রফিকুল (সি. আর) আবরার।
বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৬ মিনিটে রাজধানীতে রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয় বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বেলা ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তী সময় কোরআন থেকে তিলাওয়াত করা হয়।
নবনিযুক্ত এই উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতদিন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সে ক্ষেত্রে বর্তমান উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














