নারীদের অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব না: প্রধান উপদেষ্টা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-০৮ ১২:২৯:৪৫


নারীদের অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, নারীদের প্রতি সহিংসতার যে খবর আসছে, তা খুবই উদ্বেগজনক। এসব নতুন বাংলাদেশ গড়ার অন্তরায়। তবে নারীর প্রতি সহিংসতা রোধ করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

ড. ইউনূস বলেন, যৌন নির্যাতন প্রতিরোধ আইন সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে। সরকার নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। সরকার সর্বশক্তি নিয়োগ করে সমান অধিকার বাস্তবায়ন করবে।

তিনি বলেন, নারীবিরোধী যে শক্তি মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করব। নারীকে খাটো করে দেখার মানসিকতা পাল্টাতে হবে, নইলে আমাদের ভবিষ্যৎ নেই।

ড. ইউনূস বলেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। এর বিরুদ্ধে আমাদের এমন সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধ পরিস্থিতিতে আছি।

বিএইচ