বনানীতে পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ, তীব্র যানজট
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-১০ ১৩:১৭:৩৯
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিকের প্রাণহানির ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিহতের সহকর্মীরা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মিনারা আক্তার। এছাড়া আহত হন সুমাইয়া আক্তার নামে আরেক পোশাকশ্রমিক। জানা গেছে, আহতকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিকের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলাম জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে গাড়ি ডাইভারশন করে দেওয়া হচ্ছে। কিছু গাড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, কিছু গাড়ি রামপুরা রোড এবং প্রগতি সরণি দিয়ে যেতে দেওয়া হচ্ছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














