নতুন দলের নিবন্ধন পেতে ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-১০ ১৫:১২:৪৮
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আগামী ২০ এপ্রিল মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১০ মার্চ) ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে আইন ও রীতির কোন পরিবর্তন নেই। নিবন্ধনের জন্য আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।
ইসি জানায়, নিবন্ধীকরণে আগ্রহী রাজনৈতিক দলকে নিজস্ব লেটারহেড প্যাডে দরখাস্ত করতে হবে এবং দরখাস্তের সঙ্গে জরুরি দলিলাদি সংযুক্ত করতে হবে।
(ক) দলের গঠনতন্ত্র;
(খ) দলের নির্বাচনি ইশতেহার, যদি থাকে;
(গ) দলের বিধিমালা, যদি থাকে;
(ঘ) দলের লোগো এবং পতাকার ছবি:
(ঙ) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা সমমানের কমিটির সকল সদস্যের পদবীসহ নামের তালিকা;
(চ) দলের নামে রক্ষিত ব্যাংক একাউন্ট নম্বর ও ব্যাংকের নাম এবং উক্ত অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতি:
(ছ) দলের তহবিলের উৎসের বিবরণ;
(জ) দলের নিবন্ধনের দরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুকূলে প্রদত্ত ক্ষমতাপত্র;
(ঞ) নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য পাঁচ হাজার টাকা নির্বাচন কমিশন সচিবালয়ের বরাবরে জমাকৃত ট্রেজারি চালানের কপি জমা দিতে হবে।
নিবন্ধন পাওয়ার শর্ত
(অ) বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হতে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যেকোনো একটিতে দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন লাভের সমর্থনে প্রামাণিক দলিল; অথবা (আ) বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হতে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোনো একটিতে দরখাস্তকারী দল কর্তৃক নির্বাচনে অংশগ্রহণকৃত নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোট সংখ্যার শতকরা পাঁচ ভাগ ভোট লাভের সমর্থনে কমিশন বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র; অথবা (ই) দলের কেন্দ্রীয় কমিটিসহ, উহা যে নামেই অভিহিত হোন না কেন, একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর, অন্যূন এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তর এবং অন্যূন একশতটি উপজেলা বা, ক্ষেত্রমতো, মেট্রোপলিটন থানায় কার্যকর দপ্তর এবং উক্তরূপ প্রতি উপজেলায় বা, ক্ষেত্রমতো, থানায় অন্যূন দুইশত ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত থাকার সমর্থনে প্রামাণিক দলিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলকে নিবন্ধিত করার সিদ্ধান্ত গ্রহণের পর ওই দলের অনুকূলে কমিশন ফরম-৩ এ একটি নিবন্ধন সার্টিফিকেট প্রদান করবে এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নাম সরকারি গেজেটে প্রকাশ করবে নির্বাচন কমিশন।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯। প্রতি সংসদ নির্বাচনের পূর্বে নতুন দলকে নিবন্ধন দিতে আবেদন আহ্বান করে ইসি। আগামী ডিসেম্বরকে টার্গেট করে ভোটে প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে সংস্থাটি
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














