নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে: উপদেষ্টা ফরিদা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-১১ ১৬:১৫:৫৫
নারীদের অধিকার আদায়ে পিছপা না হওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারীদের যোগ্যতা অর্জনের বিকল্প নেই; কারও করুণা নিয়ে বেঁচে থাকা যাবে না। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে।
মঙ্গলবার (১১ মার্চ) প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, নারী কর্মকর্তা-কর্মচারীরা অধিকার আদায়ে এগিয়ে এলে দ্বিগুণ গতিতে আপনাদের জন্য এগিয়ে আসবো।
ফরিদা আখতার বলেন, দেশে এবারের আন্তর্জাতিক নারী দিবস শুরু হয়েছে খারাপ কিছু ঘটনার মধ্য দিয়ে। আর এসব ঘটনার মাধ্যমে সরকারকে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে এবং তা বিশ্বাস করার অনেক কারণ রয়েছে। আবার কিছু ক্ষেত্রে সমাজে এখনো নারীদের নিরাপত্তা দেওয়া যায়নি।
তিনি বলেন, সমাজে কিছু মানুষের পাশবিকতা, হিংস্রতা বর্ণনা বা নিন্দা করার ভাষা আমাদের জানা নেই।
জাতীয় সংসদে নারীদের সরাসরি নির্বাচনের আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেন, নারীদের জন্য আসন সংরক্ষণ করা যেতে পারে। এখানে শুধু রাজনৈতিক দল নয়, যে কোনো নারী নির্বাচনে অংশ নিতে পারবে সে ব্যবস্থা করতে হবে। কিন্তু পূর্ববর্তী কোনো সরকার এ ধরনের ব্যবস্থা তৈরি করেনি। যা নারীদের জন্য দুঃখজনক।
নারী-পুরুষের সমতার ক্ষেত্রে কর্ম তরান্বিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে গতিতে কাজ হচ্ছে তা চললে আগামী শতাব্দিতে নারী-পুরুষের সমতা হবে। কাজেই এ গতিতে চলা যাবে না। এ দিবসটি থাকার ফলেই আজকে নারীরা তাদের মৌলিক দাবিগুলো উত্থাপন করতে পেরেছে, তাদের অধিকারের কথা বলতে পরেছে।
ফরিদা আখতার বলেন, ফ্যাসিবাদে নারী-পুরুষ নাই। ফ্যাসিবাদ ফ্যাসিবাদই। বাংলাদেশে ফ্যাসিবাদ শুধু একজন ব্যক্তির কারণে গড়ে উঠেনি। বরং কাঠামোগত কারণে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছে। আর এভাবেই একজন ব্যক্তি ফ্যাসিবাদের প্রতীক হয়ে উঠেছে, যা খুবই দুঃখজনক।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. শামছুন নাহার আহম্মেদের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, পরিচালক (প্রশাসন) বয়জার রহমান, বিসিএস লাইভস্টক একাডেমির সহকারী অধ্যাপক ডা. কাউসাইন মোবশ্বের, ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতার, উপপরিচালক ডা. শারমিন সামাদ প্রমুখ। এতে স্বাগত বক্তৃতা করেন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. তাহমিনা বেগম।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














