ক্যান্সার রোগীদের পাশে রিভৌগ ও উজ্জ্বলা ফাউন্ডেশন

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৩-২৩ ১১:০৯:৩৮


ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে রিভৌগ (ReVouge) ও উজ্জ্বলা ফাউন্ডেশন মিডিয়া ব্যক্তিত্বদের পোশাক সামগ্রীর তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে । রিভৌগ ( Wear to Care) একটি বিশেষ উদ্যোগ, যেখানে ফ্যাশনের মাধ্যমে মানবতার সেবা করা হয়।

তিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনী চলে বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে শনিবার (২২ মার্চ) পর্যন্ত।

এবারের এই আয়োজনে অংশগ্রহণ করেন, উপস্থাপিকা সামিয়া আফরিন, সৌন্দর্য বিশেষজ্ঞ আফরোজা পারভীন, অভিনেত্রী তানভীন সুইটি, গায়িকা আঁখি আলমগীর, গায়িকা কনা, মডেল পিয়া জান্নাতুল, অভিনেত্রী আফসান আরা বিন্দু, উপস্থাপিকা ইসমত চৈতি, অভিনেত্রী দীপা খন্দকার প্রমুখ।

এই প্রদর্শনীর বিক্রয়ের অর্থ ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবায় ব্যয় করা হবে।

প্রদর্শনী সম্পর্কে উজ্জ্বলা ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও মূল আয়োজক সামিয়া আফরিন এই আয়োজনের মাধ্যমে একটি বার্তা দিয়ে বলেন, জীবন থেমে থাকে না, লড়াই করলেই সম্ভব নতুন আশার আলো জ্বালানো। ক্যান্সারের বিরুদ্ধে এই সংগ্রামে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সহযোগিতা এবং প্রত্যেকটি ভালোবাসার স্পর্শ- একটি নতুন ভোরের প্রতিশ্রুতি বয়ে আনে, আসুন, আমরা সবাই একসঙ্গে হয়ে জীবন ও আশার পাশে দাঁড়াই।

তিনি আরও জানান, এটা কেবল শুরু, আগামীতে আমরা এই মহতী উদ্যোগে আরো অনেককে সঙ্গে নিয়ে, আরো বেশি ক্যান্সার রোগীদের মানসিক ও আর্থিক সহয়তার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। এই আয়োজনে যারা সার্বিকভাবে সাহায্য করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

উজ্জ্বলা ফাউন্ডেশনের চেয়ারম্যান, আফরোজা পারভিন এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে গর্বিতবোধ করেন। যারা পাশে দাঁড়িয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গত তিন দিনে অনেক মানুষের পাশাপাশি যত গুণীজনের সমাগম হয়েছে, এরা সবাই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

বিএইচ