গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে কর্মসূচি দিল বিএনপি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-০৯ ১৪:৪২:২৭


গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আগামীকাল বৃহস্পতিবার ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ করবে বিএনপি।

বুধবার (৯ এপ্রিল) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

এ ছাড়া একইদিন দেশব্যাপী সব মহানগরে উল্লিখিত কর্মসূচি পালিত হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিএইচ