কক্সবাজারে সড়কে তরুণ পর্যটন উদ্যোক্তা নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৪-১৯ ০৯:৪৯:০৪
ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কক্সবাজারের তরুণ পর্যটন উদ্যোক্তা শাহাব উদ্দীন। শুক্রবার (১৮ আগষ্ট) রাত আনুমানিক ৮ টার দিকে কক্সবাজার সদরের খরুলিয়ারটেক হিন্দু পাড়া রাস্তার মাথায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শাহাব উদ্দীন গুরুতর আহত হন।
সেখান থেকে শাহাব উদ্দীনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার বাড়ি কচ্ছপিয়া শুকমনিয়া গ্রামে। তিনি কক্সবাজারে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
শাহাব উদ্দীনের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার, পরিবারে চলছে শোকের মাতম।
নিহতকে দেখতে গিয়ে কক্সবাজার- ৩ আসনের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল বলেন, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না, নিহতের পরিবারে সান্তনা দেওয়ার কোনো ভাষাই নেই।
তিনি বলেন, এই মহাসড়কটি এখন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। এসময় তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আর কত মৃত্যু হলে টনক নড়বে? আর কত মৃত্যু দেখলে ৬ লেনে হবে এই মহাসড়ক।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













