নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম-ছাপাখানা পুড়ে ছাই
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৪-২৩ ০৯:৩৬:২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে একটি ঝুটের গুদামে ও গেঞ্জি কাপড়ের ছাপাখানা পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজার সংলগ্ন হৃদয় আহমেদের ঝুটের গুদামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টায় হঠাৎ হৃদয় আহমেদের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।
তখন আশপাশের বাড়িঘরের লোকজন চারপাশ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন গুদামের পাশে এমরান মিয়ার গেঞ্জি ছাপাখানায় ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়টি জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













