বিএসইসির সিদ্ধান্তে কী বন্ধ হচ্ছে ব্রোকার হাউজের কার্যক্রম?
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৪-২৪ ১৪:২৪:৪৭
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটি ট্রেকহোল্ডারদের জন্য অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন, বাস্তবায়ন ও ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। সেই সময় শেষ আগামী ৩০ এপ্রিল (২০২৫)। নির্ধারিত সময়ের মধ্য কার্যক্রম চালু করতে না পারলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেবে বিএসইসি।
নির্ধারিত অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন ও ব্যবহারের জন্য বিএসইসি নতুন সময় বেঁধে দিয়েছে। বিএসইসির সর্বশেষ নির্দেশনা অনুসারে, এই সফটওয়্যার স্থাপন ও ব্যবহার শুরুর জন্য আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় পাবে ট্রেকহোল্ডাররা। তবে এরপর এই সফটওয়্যার ছাড়া কোনো ট্রেকহোল্ডার লেনদেন পরিচালনা করতে পারবে না। বিএসইসির এই নির্দেশনার বিষয়টি সব ট্রেকহোল্ডারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সব ট্রেকহোল্ডারের অফিসে বিএসইসির প্যানেলভুক্ত ভেন্ডরের অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন ও ব্যবহার শুরুর নির্দেশ দিয়েছিল বিএসইসি। কিন্তু নানা কারণে অনেক ট্রেকহোল্ডারের পক্ষে এটি সম্ভব হয়নি। এমন অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন এই সময়সীমা বাড়ানোর জন্য বিএসইসির কাছে আবেদন করেছিল। তার প্রেক্ষিতে বিএসইসি ৩০ এপ্রিল পর্যন্ত সময় বাড়িয়েছে।
এদিকে সময় বাড়ানোর জন্য আবেদন করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মো: সাইফুদ্দিন সই করা এক চিঠিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় বৃদ্ধি করার করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে বিএসইর মুখপাত্র ও পরিচালক আবুল কালাম বাণিজ্য প্রতিদিনকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই এটি চালু করতে হবে। তবে দুই একজনের কোন সমস্যা থাকলে কমিশনের সাথে যোগাযোগ করতে পারেন।
তিনি বলেন, বিনিয়োগকরীদের স্বার্থের কথা ভেবে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। কেউ করতে ব্যর্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যারের ৮টি ভেন্ডর প্যানেলভুক্ত আছে। অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন, বাস্তবায়ন ও ব্যবহার শুরুর একই শর্ত দেশের অপর স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র জন্যেও প্রযোজ্য।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














