এবার পাটগ্রাম সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৫-০৩ ০৮:৪৫:২০
এবার সীমান্তে গিয়ে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তের প্রধান পিলার ৮২৫ নম্বরের ১ নম্বর উপপিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
তারা হলেন- বগুড়া জেলার মহাস্থান গড় বকুল তলা এলাকার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২২) ও পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর গাটিয়ারভিটা এলাকার মোস্তাফিজ হোসেনের ছেলে মাহফুজ ইসলাম ইমন (১৬)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।
স্থানীয়রা জানায়, সাজেদুল ও ইমন বিকেলে পাটগ্রাম উপজেলার ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তে ঘুরতে যান। এ সময় সীমান্তের কাছে একটি চা বাগান দেখতে পার্শ্ববর্তী পুকুর পাড়ে গেলে ৯৮ গোমতি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দুজনকে ধরে নিয়ে যায়।
বিজিবি জানায়, এ ঘটনায় দুই দেশের ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ হয়েছে। এছাড়াও বিজিবির রংপুর সেক্টর কমান্ডার ভারতীয় বিএসএফ জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে সাজেদুল ও ইমনকে ফেরত আনার বিষয়ে যোগাযোগ করেছেন। এছাড়া বিজিবি পতাকা বৈঠকের আহ্বানও করেছে।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, ‘তাদের ফেরত আনার চেষ্টা চলছে।’
বিজিবির ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন বলেন, বিএসএফকে বুড়িমারী চেকপোস্ট দিয়ে সাজেদুল ও ইমনকে ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেন বাংলাদেশিরা। পতাকা বৈঠকের পর দুই দেশের নাগরিকদের ফেরত দেয় বিজিবি-বিএসএফ।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













