জাতীয় গণিত অলিম্পিয়াড ও কোডিং স্কুল লজিকুলের উদ্বোধন

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৫-১১ ১২:৫৭:৪০


অ্যাবাকাস ব্রেইন জিম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় গণিত অলিম্পিয়াড-২০২৫ এবং ইউরোপের বৃহত্তম কোডিং স্কুল লজিকুলের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বৃহত্তম এই কোডিং স্কুল।

শুক্রবার (৯ মে ) ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব লিমিটেডে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাবাকাস ব্রেইন জিম বাংলাদেশের চেয়ারম্যান মোঃ রবিউল হক। এসময় ব্যবসায়ী ও কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে মোঃ রবিউল হক আগত অতিথিদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, গণিত অলিম্পিয়াডের মাধ্যমে দেশের শিশু-কিশোরদের বিশ্লেষণী ও যৌক্তিক চিন্তা বিকাশের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি, লজিকুলের মাধ্যমে আমরা আন্তর্জাতিক মানের কোডিং শিক্ষা দিতে পারব।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে, লজিকুল-এর ভবিষ্যৎ কার্যক্রম ও কোর্সসমূহের ঘোষণাও দেওয়া হয়।

অ্যাবাকাস ব্রেইন জিম দেশে শিশুদের মানসিক বিকাশ ও মেধা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অ্যাবাকাস ব্রেইন জিম আন্তর্জাতিক মানের ব্রেইন ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচালনা করে থাকে।

লজিকুল হলো- ইউরোপের ৩৫টিরও বেশি দেশে পরিচালিত কোডিং স্কুল। লজিকুল শিশুদের জন্য মজার ও ইন্টার‌্যাকটিভ উপায়ে প্রোগ্রামিং ও ডিজিটাল লিটারেসি শেখানোর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান।

বিএইচ