দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৫-১৩ ১০:০০:৪৭


দিনাজপুরের কাহারোলের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে কাহারোলের কাশিপুর টংক বাবুর হাট সংলগ্ন হাওয়া ইট ভাটার সামনে এই সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার কিসমত সৈয়দপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) ও পীরগঞ্জ থানার হরিতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪০)।

জানা যায়, রাত ৯টায় পীরগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী বীরগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিলেন। পথে টংক বাবুরহাট ইটভাটার সামনে দুর্ঘটনায় দুইজন নিহত হন।

তবে ফাঁকা রাস্তায় কীভাবে সড়ক দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে স্থানীয়রা কিছু বলতে পারেননি। স্থানীয়দের ধারণা- একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। তবে পুলিশের ধারণা- দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তিনজনকে রাস্তার ওপরে পড়ে থাকতে দেখে থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে কাহারোল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এনজে