টঙ্গীতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৫-১৭ ১১:৪২:০০


গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতন ও ঈদ বোনা‌সের দাবিতে বি‌ক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পা‌শে ২ ঘণ্টা ১৫ মিনিট যান চলাচল বন্ধ ছি‌ল।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, কারখানাটির প্রায় ১ হাজার ৫০০ জন শ্রমিক গত এপ্রিল ও চলতি মে মাসের মাসের বকেয়া বেতন, শ্রমের অতিরিক্ত মজুরি (ওভারটাইম) ও ঈদ-উল-আযহার বোনাসের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানায় কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। শনিবার সকালে কারখানাটির বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি দাবি জানিয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করে।

এ বিষয়ে গাজীপুরে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। প‌রে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গি‌য়ে কারখানার সামনে অবস্থান করছে। কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ক‌রে সমাধানের চেষ্টা চলছে।

এনজে