দেশের ৪ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২২ ১০:২৩:৪৭


দেশের চার অঞ্চল তথা কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২২ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ তথ্য জানানো হয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গত কয়েকদিন থেকে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে আগামী কয়েকদিন গরম বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২১ মে) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আগামী কয়েকদিন গরম বেশি অনুভূত হতে পারে। আগামী ২৬ মের পর থেকে বৃষ্টি বাড়তে পারে, তখন আবার গরম কমে আসবে।

এনজে