গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছাড়া মিডিয়ার স্বাধীনতা সম্ভব নয়: আমীর খসরু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২৬ ১৬:১৪:০৬


বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে মিডিয়ার স্বাধীনতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, দেশে যতদিন পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারবে না।

তিনি বলেন, অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় আসে, তারাই মূলত সংবাদমাধ্যমকে চাপে রাখে এবং নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আমীর খসরু বলেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে দেশে সংকট ততই বাড়বে।

তিনি বলেন, আগামীর ঐক্য হবে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য। আগামীতে দেশের মানুষের জন্য দায়বদ্ধ সরকার দরকার।

প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনটির জ্যেষ্ঠ নেতারা।

বিএইচ