সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে প্রতিরোধের ক্ষমতা থাকে না: সারজিস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-৩০ ১৭:৩৪:০৮
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অস্তিত্ব সংকটে পড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা মনে করি সাধারণ ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিলো বলেই খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যদি শুধুমাত্র ছাত্ররা রাজপথে নামতো তাহলে কখনোই অভ্যুত্থান সম্ভব হতো না।
তিনি বলেন, সাধারণ মানুষ যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেটাকে প্রতিরোধ ক্ষমতা আর কারও থাকে না।
শুক্রবার (৩০ মে) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা মোড়ে এক পথ সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় সারজিস বলেন, আপনারা যদি ক্ষমতার সাথে আপোষ করেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আপনারা শুধু আপোষ করবেন তার সঙ্গে যেই এলাকার এবং জনগণের প্রতিনিধিত্ব করে। আপনারা যদি কোন একটা দল বা পদ দেখে যে এই মানুষটাতো ক্ষমতাবান সে যতো অপরাধ এবং অন্যায় করুক না কেনো তার প্রতিবাদ করলে কিছু হতে পারে তাহলে এই এলাকার উন্নয়ন সম্ভব নয়।
বাংলাদেশের ছাত্র-জনতা যদি মনে করতো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে সমস্যা হতে পারে তাহলে এই অভ্যুত্থান কোন দিন হতো না। আমরা আপনাদের সঙ্গে কথা বলতে ও শুনতে এসেছি কিন্তু এটা নয়, আপনারা আমাদেরকে ভোট দিয়েন। আপনাদেরকে এটা বলতে চাই যারা এলাকা নিয়ে কাজ করবে, যারা ভালো মানুষ, যাদের গ্রহণ যোগ্যতা আছে , ব্যক্তিত্ব আছে ,যারা চাঁদাবাজি করে না ,ক্ষমতার অপব্যবহার করে না,আপনাদের পাশে থাকে আপনারা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করুন।
আগামীর বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দল, মার্কার দাসত্ব আর করবো না। বিগত ১৬ বছরে আপনাদেরকে দলীয় প্রশাসন বানানো হয়েছিলো। আপনারাই দেখেছেন কিভাবে এই দলীয় প্রশাসন সংকটে পড়েছে। আপনাদের চাওয়া পাওয়ার ওপর ভিত্তি করে এনসিপি তাদের ইতিহাস গঠন করবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, কেন্দ্রিয় সংগঠক নাজমুল হাসান সোহাগ। পরে গাইবান্ধা, বোনারপাড়া, ফুলছড়ি, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও পলাশবাড়ীর পথ সভায় বক্তব্য রাখেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














