গুগলে চাকরির সুযোগ পেল জাবি শিক্ষার্থী রিচিতা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-১৫ ০৮:৫০:৪২


বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী রিচিতা খন্দকার রিফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শনিবার (১৩ জুন) রাতে রিচিতা নিজেই গুগলে চাকরির প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১২ জুন গুগলের তাইওয়ান অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পদে যোগদানের অফার পান।

বর্তমানে রিচিতা বাংলাদেশ স্যামসাং আইআইটি ইনস্টিটিউটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি দিনাজপুর সদর উপজেলায়। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি এবং দিনাজপুর সরকারি কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাশ করেন।

ছোটবেলা থেকেই রিচিতার প্রোগ্রামিং ও বিভিন্ন কনটেস্টে অংশগ্রহণে আগ্রহ ছিল। গুগলে চাকরির অফার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “অনুভূতি সত্যিই দারুণ। এত মানুষ অভিনন্দন জানাচ্ছে, কী বলবো! আমি অনেক খুশি।”

চাকরির প্রস্তুতি বিষয়ে রিচিতা বলেন, “সেভাবে আলাদা করে কোনো প্রস্তুতি নিইনি। এর আগেও কিছু প্রোগ্রামিং কনটেস্টে অংশগ্রহণ করেছিলাম, সেই অভিজ্ঞতাই কাজে লেগেছে। পরীক্ষার আগে শুধু দেখে নিয়েছিলাম কীভাবে প্রশ্ন আসে, কীভাবে কমিউনিকেশন করতে হয়।”

তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে এখন চাকরির বাজার কিছুটা দুর্বল। দেশের বাইরে জব পাওয়াও তুলনামূলক কঠিন। প্রশ্নগুলোও এখন একটু জটিল হয়। তবে আমার মধ্যে আত্মবিশ্বাস ছিল।”

জয়েনিং সংক্রান্ত বিষয়ে তিনি জানান, “১৮ আগস্ট যোগদানের কথা বলা হয়েছে। তবে ভিসা ও অন্যান্য কাগজপত্রের প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ হওয়ায় তারিখ পিছাতেও পারে।”

স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়জীবনে রিচিতা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে পুরস্কার অর্জন করেন। তিনি বলেন, “স্কুল-কলেজে অলিম্পিয়াড করেছি, সেখানে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছি। বিশ্ববিদ্যালয়ে আইসিপিসি সহ বিভিন্ন কনটেস্টে আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে।”

অনুজদের উদ্দেশ্যে রিচিতা বলেন, “শেখার কোনো বিকল্প নেই। যে পর্যায়ে থাকো না কেন, স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়—প্রতিটি ধাপ থেকেই সর্বোচ্চটা শেখার চেষ্টা করতে হবে। ভবিষ্যতে নিশ্চয়ই তা কাজে লাগবে।”

বিএইচ