ঠাকুরগাঁওয়ে বেপরোয়া বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৬-২৪ ১১:২৮:৫৩


মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেছে বাবা আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুনের (১৫)।

সকাল আটটার দিকে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খোশবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস (প্রা: লি:) এর একটি বাস ভুল্লীর খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা একটি তিন চাকার ‘পাগলু’গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়।

‘পাগলু’ গাড়িটি চালাচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা মো. আশরাফুল ইসলাম। তার একমাত্র যাত্রী ছিল তার মেয়ে রুবাইয়া খাতুন।

বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সে। বাবা তার মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন।

বাসের ধাক্কায় ‘পাগলু’গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক আশরাফুল ইসলামের মৃত্যু হয়। তার নিথর দেহ পড়ে থাকে রাস্তার ওপর।

গুরুতর আহত অবস্থায় মেয়ে রুবাইয়াকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‌খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

এনজে