এনবিআরের সংকট নিরসনে পাঁচ উপদেষ্টার সমন্বয়ে কমিটি গঠন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৯ ২০:৫৪:০৩
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট বিদ্যমান সংকট দ্রুত নিরসনে অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ জুন) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কমিটির সভাপতি হিসেবে কাজ করবেন। এ ছাড়া সদস্য হিসেবে আছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
এ ছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে জনস্বার্থ রক্ষায় সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টম হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যক পরিষেবা (এসেনশিয়াল সার্ভিস) ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এনবিআরে সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মের পর থেকে আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে একধরনের অচলাবস্থা চলছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














