এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার

আপডেট: ২০২৫-০৬-৩০ ০৮:৪১:০৫


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ব্যবসা-বাণিজ্যের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে দেশব্যাপী শাটডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

এক সংবাদ সম্মেলন রোববার রাতে ঢাকায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

এ ছাড়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব সেহেলা সিদ্দিকাও বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবসায়ীদের মধ্যস্থতায় এনবিআর সংস্কার পরিষদ তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে বলে জানা গেছে। সন্ধ্যায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ব্যবসায়ী নেতৃবৃন্দ আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ব্যবসায়ীরা এনবিআর সংস্কার এবং আন্দোলনকারীদের দাবি-দাওয়া সমাধান করার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান। সেই সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে তাদের কাজে যোগদানের অনুরোধ জানান।

সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। পরে তাদের এই সিদ্ধান্ত ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান।

এর আগে সরকারের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের কোনো সমাধান না হওয়ায় আগের ঘোষণা অনুযায়ী মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব ও অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা এই ঘোষণা দিয়েছিলেন।

এনজে