দিনাজপুরে বস্তায় ১৫০ টাকা কমেছে চালের দাম

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৭-০৪ ১১:০৫:৫৭


সম্প্রতি উত্তরের জেলা দিনাজপুরে চালের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। ইরি-বোরোর ভরা মৌসুমে ৫০ কেজির বস্তায় চালের দাম বেড়ে যায় ৪০০-৫০০ টাকা পর্যন্ত। তবে জুলাইয়ের শুরুতে এসে কিছুটা কমেছে দাম। বস্তাপ্রতি ৭৫-১৫০ টাকা কমেছে।

ক্রেতারা বলছেন, চাল কিনতে গিয়ে তারা দাম নিয়ে বিপাকে পড়ছেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষ বেশ সমস্যায় আছেন।

দিনাজপুর শহরের সবচেয়ে বড় চালের মোকাম বাহাদুর বাজারে দেখা যায়, মিনিকেট চালের ৫০ কেজির বস্তা বর্তমানে বিক্রি হচ্ছে ৩২৫০-৩৭০০ টাকায়। আগে এর দাম ছিল ৩৩০০-৩৮০০ টাকা।

এছাড়া বিআর-২৭ জাতের চাল ৫০ কেজির বস্তা বেড়ে ৩০৫০-৩৩৫০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে এটা বিক্রি হচ্ছে ২৯৫০-৩২৫০ টাকায়।

বিআর-২৯ জাতের চাল বর্তমানে বিক্রি হচ্ছে ২৮৫০-৩০০০ টাকায়। আগে ২৯৫০-৩১৫০ টাকায় বিক্রি হয়েছে।

স্বর্ণা ৫০ কেজির বস্তা বেড়ে ২৯০০-৩০৫০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৮৩০- ২৯৮০ টাকায়।

গুটি স্বর্ণা ও মোটা চাল ৫০ কেজির বস্তা বেড়ে ২৬০০-২৭৪০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৫৩০-২৭৭০ টাকায়।

বাংলাদেশ মেজর অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সহ-সভাপতি শহীদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, বাজারে ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। আর মিলগেটে চালের দাম বেড়েছে প্রচার করে পাইকারি ও খুচরা বিক্রেতারা ইচ্ছামতো অস্বাভাবিকভাবে মুনাফা করছে। চালের দাম বাড়ার এটাই বড় কারণ। যদি এটা প্রমাণ করতে চান, তাহলে তাদের ক্যাশ মেমো দেখলেই বুঝতে পারবেন।

এনজে