শুল্ক-কর জমা দিতে অনলাইনে ‘এ চালান’ সেবা চালু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০৫ ১৮:১২:৫৮
দেশের আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্টদের জন্য শুল্ক-কর জমা দেওয়ার অনলাইন সেবা ‘এ-চালান’ চালু করেছে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই সেবার মাধ্যমে করদাতারা ঘরে বসে ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন যে কোনো সময় অনলাইনে শুল্ক-কর পরিশোধ করতে পারবেন।
শনিবার (৫ জুলাই) এনবিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের কাস্টমস সিস্টেম অ্যাসিকুডা ওয়ার্ল্ড এবং অর্থ বিভাগের আইবিএএস++ প্ল্যাটফর্মের মধ্যে সফল প্রযুক্তিগত সংযোগ সম্পন্ন হয়েছে। ফলে করদাতারা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরকারি কোষাগারে অর্থ পরিশোধ করতে পারবেন, যা তাৎক্ষণিকভাবে তহবিলে জমা হবে।
আগে দিনের নির্দিষ্ট সময়ে অটোমেটেড ট্রেজারি গেটওয়ে সার্ভিস (আটিজিএস) পদ্ধতির মাধ্যমে শুল্ক-কর জমা দিলে অর্থ কোষাগারে পৌঁছাতে কয়েক দিন সময় নিতো। নতুন এ ব্যবস্থায় বিলম্ব দূর হয়ে দ্রুত শুল্ক-কর পরিশোধ ও পণ্য খালাস সম্ভব হবে।
এ-চালান সিস্টেমে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, উপায়, রকেট, এমক্যাশ, ট্রাস্টপে ইত্যাদি মাধ্যমে পেমেন্ট করা যাবে। পাশাপাশি দেশের ৬১ ব্যাংকের প্রায় ১১,৭০০ শাখা থেকেও শুল্ক-কর জমা দেওয়ার সুবিধা থাকবে। কর পরিশোধ শেষে সিস্টেম থেকে জেনারেট হওয়া রসিদ নম্বর দিয়ে দ্রুত পণ্য খালাস করা যাবে।
চট্টগ্রাম কাস্টম হাউসে ১ ও ২ জুলাই প্রশিক্ষণের পর ৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবার মাধ্যমে শুল্ক-কর আদায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ৭৫টি বিল অব এন্ট্রির বিপরীতে ১৩ কোটির বেশি রাজস্ব সরাসরি কোষাগারে জমা হয়েছে। এর আগে কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টম হাউসে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়েছিল।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সকল কাস্টম স্টেশনে এ-চালান সেবা চালু হবে। এই উদ্যোগ সরকারের রাজস্ব আহরণে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করবে, পণ্য খালাস প্রক্রিয়া ত্বরান্বিত করবে এবং সরকারি অর্থ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














