ফ্যাসিবাদ কায়েমে আ.লীগের শরিকদের বিচার করতে হবে: আসাদুর রহমান
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৭-০৭ ১৮:১৬:৫২
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদ কায়েমে আওয়ামীলীগকে যারা বৈধতা দিয়েছিল এবং যারা শরিক হয়ে সহযোগিতা করেছিল তাদের বিচার করতে হবে।
সোমবার (৭ জুলাই) শরীয়তপুরে লিফলেট বিতরণ ও পথসভায় এ কথা বলেন তিনি।
আসাদুর রহমান খান বলেন, গণহত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগকে দল হিসেবে বিচার করতে হবে। কিন্তু ভুলে গেলে চলবে না, ফ্যাসিবাদ কায়েমে আওয়ামী লীগকে যারা বৈধতা দিয়েছিল সহযোগিতা করেছিল তারাও একই দোষে দুষ্ট। আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং তার শরিক দলদের বাংলার জনগণ মেনে নিবে না। অতএব আওয়ামী লীগের সাথে ১৪ দল এবং জাতীয় পার্টির বিচার করতে হবে।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্টের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তারই অংশ হিসেবে মাসব্যাপী ঘোষিত কর্মসূচির ৭ম দিনে আজ সোমবার শরীয়তপুর জেলার বাসস্ট্যান্ড, কোর্ট পয়েন্ট মোড়, মডেল মসজিদ এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।
জাগপা নেতৃবৃন্দ বলেন, নির্বাচন ও সংস্কারকে সামনে রেখে বিচার ভুলে গেলে চলবে না। বিচার হতেই হবে একই সাথে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে। আমরা প্রতিবেশী চাই, প্রতিবেশীর নামে প্রভু চাই না। বাংলার মাটিতে বসে যারা হিন্দুস্তানের দালালি করছেন তাদের সাবধান করে দিতে চাই। আগামীর বাংলাদেশে ভারতীয় দালালদের স্থান নাই।
পথসভায় আরও বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা জাগপা সমন্বয়ক মোঃ নাসির উদ্দিন, শরীয়তপুর জেলা জাগপা সমন্বয়ক মোঃ জসিম শিকদার, শরীয়তপুর জেলা জাগপা নেতা রিপন ফকির, মোঃ হিমেল সিকদার প্রমুখ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













