জানুয়ারি–মার্চ
জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৮৬ শতাংশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০৭ ২১:৫৫:৫৩
২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশে। ২০২৩-২৪ অর্থবছরের একই প্রান্তিকে যা ছিল ৪.৬২ শতাংশ।
সোমবার (৭ জুলাই) প্রান্তিক জিডিপি প্রবৃদ্ধির হিসাব প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস জানায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিক (জুলাই-মার্চ) মিলিয়ে সম্মিলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮১ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। চলতি মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশের জিডিপির আকার হয়েছে ১৪ হাজার ১৯৭ বিলিয়ন টাকা, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল ১২ হাজার ৬৭০ বিলিয়ন টাকা।
কৃষিতে প্রবৃদ্ধি কমেছে
২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৪২ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪ দশমিক ০২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে এই খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ০.৭৬ ও ১.২৫ শতাংশ, যেখানে ২০২৩-২৪ অর্থবছরে তা ছিল ০.৬২ ও ৪.০৯ শতাংশ।
শিল্পখাতে উর্ধ্বমুখী
এ সময়ে শিল্পখাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৯১ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির এই হার ছিল ২.৪৪ ও ৭.১০ শতাংশ, যেখানে আগের বছর ছিল যথাক্রমে ৭.৭৮ ও ১.০৪ শতাংশ।
সেবা খাতেও উন্নতি
সেবা খাতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে যা হয়েছে ৫.৮৮ শতাংশ হারে, আগের বছরের একই সময়ে এটা ছিল ৪.৩১ শতাংশ।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














