আকুর বিল পরিশোধের পরও রিজার্ভ ২৯ বিলিয়নের উপরে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০৮ ১৩:৩৯:২২


‎এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল বাবদ ২ দশমিক ০২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। বড় অ্যামাউন্ট পরিশোধের পরে খুব একটা ধাক্কা লাগেনি বৈদেশিক মুদ্রার রিজার্ভে। বিল পরিশোধের পরও দেশের রিজার্ভ ৩০ বিলিয়নের কাছাকাছি অবস্থান করেছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

‎আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে। তবে এখন আকুর সদস্য পদ নেই শ্রীলঙ্কার। অর্থনৈতিক সঙ্কটের কারণে দীর্ঘদিন ধরে আমদানি ব্যয় পরিশোধের বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় দেশটির আকু সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে।

‎বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মঙ্গলবার আকুর বিল পরিশোধ করা হবে ২০১ কোটি বা প্রায় ২.০২ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। যার ফলে গ্রস রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। আর আইএমএফের সিহাব পদ্ধতি বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভ ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে অবস্থান করছে। এছাড়াও কমেছে ব্যবহারযোগ্য রিজার্ভ বা এনআইআর। তবে তা লক্ষ্যর থেকে বেশ উপরে রয়েছে।

‎এরআগে গত ৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩১ দশমিক ৫৭ বিলিয়ন ডলারের অবস্থান করছিল। আর  বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলা। এছাড়াও ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল ব্যবহারযোগ্য রিজার্ভ বা এনআইআর।

‎এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বর্তমানে দেশের রিজার্ভের অবস্থা স্বস্তিদায়ক আছে। তাই আকু পেমেন্টের পরও এর খুব একটা প্রভাব পড়বে না।

‎বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশ প্রতি দুই মাস অন্তর আকুর বিল পরিশোধ করে থাকে। এরআগে গদ ৬ মে মার্চ ও এপ্রিল মাসের আমদানির জন্য ১.৮৮ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল, যার ফলে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ নেমে গিয়েছিল ২০ বিলিয়ন ডলারের ঘরে। তবে সম্প্রতি বিশ্বব্যাংক, আইএমএফসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার ঋণের অর্থ ডলারের সঙ্গে যুক্ত হওয়ায় রিজার্ভ প্রায় চার বিলিয়ন ডলার বেড়েছে।