১৮৭৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি তদন্তে উদঘাটন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৪ ১২:০৭:০৯


জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গত সাত মাসে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৮৩ টি রাজস্ব ফাঁকির প্রাথমিক তদন্তে ১৮৭৪ কোটি টাকা ঘটনা উদঘাটন করেছে। এরমধ্যে  ১১৭ কোটি ৪৩ লক্ষ টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন।

আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই দপ্তরটি ডিসেম্বর, ২০২৪ হতে এ পর্যন্ত গত সাত মাসে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকির প্রাথমিক তদন্তে ১৮৭৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির বিষয় উদঘাটন করেছে। উদঘাটিত রাজস্ব ফাঁকি হতে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট হতে ইতোমধ্যে ২৩১ টি এ-চালানের মাধ্যমে ১১৭ কোটি ৪৩ লক্ষ টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইতোমধ্যে সুনির্দিষ্ট কর ফাঁকির তথ্য পাওয়ায় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসমূহ অন্তর্বতীকালীন জব্দ করা হয়েছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট করদাতাদের স্বেচ্ছায় সঠিক কর প্রদানে উৎসাহিত করছে এবং একইভাবে কর ফাঁকিবাজ ও অর্থ পাচারকারীদের প্রতি স্পষ্ট বার্তা প্রদান করছে। যেকোনো ধরণের করফাঁকি ও বেনামি সম্পদ অর্জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট বদ্ধ পরিকর।

উল্লেখ্য, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট তার পূর্নাঙ্গ কার্যক্রম শুরুর ০৭ (সাত) মাস অতিক্রম করেছে। নবগঠিত সংস্থা হিসেবে এ ইউনিটের জনবল ও লজিস্টিক জনিত বহুবিধ সীমাবদ্ধতা থাকা স্বত্তেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট । প্রতিষ্ঠার পর থেকেই হৃত রাজস্ব পুনরুদ্ধারসহ গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর ফাঁকি উদঘাটন করে আইনানুগ ও ন্যায্য রাজস্ব আদায় নিশ্চিত করতে অনুকরণীয় ও বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে জাতীয় গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠান।

এনজে