শুধু রাজনীতি নয় দেশের অর্থনীতিরও গণতন্ত্রায়ন করতে হবে: আমির খসরু
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৭-১৪ ১৬:৫৪:৫০
শুধু রাজনীতিকেই নয় বাংলাদেশের অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৪ জুলাই) ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির ব্যক্তব্যে এসব কথা জানান তিনি।
“ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা” শীর্ষক কর্মশালায় ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম, ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন, সিএসই’র চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।
আমির খসরু বলেন, আপনি রাজনীতিকে গণতন্ত্রায়ন করবেন, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করবেন না তা হবে না। অর্থনীতিকে অবশ্যই গণতন্ত্রায়ন করতে হবে। আমাদের একটা বড় সমস্যা হলো অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে চাই না, রাজনীতিকে গণতন্ত্রায়ন করতে চাই।
তিনি বলেন, আমাদেরকে ট্রেডবডির ক্যাপাসিটি বিল্ড করতে হবে। ভবিষ্যতে আমরা সরকারের অনেক কাজ ট্রেডবডিকে দিতে চাই। সরকারের কাজ যত বেশি কমানো হবে তত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে, তত বেশি এফিশিয়েন্সি বাড়বে। আর সরকারের কাজ যত বেশি বাড়বে তত বেশি বাধাগ্রস্ত হবে। আমলাতান্ত্রিকতা ও ওভার রেগুলেটেড হয়ে যাবে।
আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে পুঁজিবাজারকে ধারন করব উল্লেখ করে তিনি বলেন, সরকারের ওউন ছাড়া ক্যাপিটাল মার্কেট বড় হবে না। বাংলাদেশে ব্যাংক ৪ বিলিয়ন ডলারের জন্য আইএমএফের দুয়ারে দুয়ারে ঘুরছে। ৪ বিলিয়ন টাকা কোন টাকাই না একটি দেশের জন্য। ক্যাপিটাল মার্কেট উন্নতি করলে সরকারকে কারও পেছনে ঘুরতে হবে না।
আমির খসরু মাহমুদ আরও বলেন, বাজারে আস্থা ফিরিয়ে আনতে হলে নতুন কিছু আবিষ্কার করতে হবে না। পৃথিবীব্যাপী বেস্ট প্রাক্টিসগুলো ইতোমধ্যেই আছে। এই পরিবর্তনগুলো আমরা বাংলাদেশে আনতে পারি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন পদে রাজনৈতিক নিয়োগ হয়নি। একারনে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোতে বড় ধরনের অনিয়ম দেখা যায়নি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














