১৩ হাজার কোটি টাকা খেলাপি
এস. আলম এডিবল অয়েলের ব্যাংক ব্যালেন্স ও শেয়ারে নিষেধাজ্ঞা
আপডেট: ২০২৫-০৭-২৩ ২০:৪৭:৫০
ইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ শাখায় এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ১৩ হাজার ৩১৭ কোটি টাকা ঋণ খেলাপির দায়ে আসামিদের ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত-১।
পাশাপাশি ৫৪৮ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স এবং ৫৮ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৬২১টি শেয়ার হস্তান্তর, বিক্রয় বা লেনদেনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ এ তথ্য নিশ্চিত করেছেন। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
মামলার আবেদন তালিকায় দুটি সম্পদের উল্লেখ করা হয়। এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের মালিকানাধীন মোট ৫৮ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৬২১টি শেয়ার রয়েছে। এই প্রকল্পের আওতায় গন্ডামারা ও আলকদিয়া মৌজায় স্থিত জমি, স্থাপনা, যন্ত্রপাতি, কাঁচামালসহ সকল সম্পদ অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকাভুক্ত আরেকটি সম্পত্তি হলো, টপ টেন ট্রেডিং হাউস নামের একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব। এটি চট্টগ্রামের খাতুনগঞ্জ কর্পোরেট শাখায় অবস্থিত এবং সেখানে জমা রয়েছে ৫৪৮ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ৬৯২ টাকা।
ঋণ খেলাপির দায়ে এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড ও সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে মামলাটি করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র খাতুনগঞ্জ শাখা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














